ওয়েব ডেস্ক : অবৈধ বা অননুমোদিত ট্যুরিস্ট গাইডদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে কাশ্মীরের গুলমার্গ ডেভেলপমেন্ট অথরিটি বা জিডিএ। তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অভিযানও চালিয়েছে জিডিএ। সংস্থার সিইও-র নেতৃত্বে স্থানীয় ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অবৈধ গাইড-সহ বেআইনি পরিষেবা প্রদানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এই অভিযান চলাকালীন অভিযুক্তরা যৌথ দলকে আক্রমণের চেষ্টা করেছিল বলে অভিযোগ। অভিযুক্তদের এমন আচরণের জন্য তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সুত্রের খবর, অবৈধ ট্যুরিস্ট গাইডরা সাধারণত গুলমার্গের মূল প্রবেশ পয়েন্টগুলিতে দলে দলে জড়ো হয়। তারা পর্যটকদের ওপর একরকম ঝাঁপিয়ে পড়ে ও বিরক্ত করে। এর ফলে গুলমার্গের বদনাম হয়। তাই অবৈধ ট্যুরিস্ট গাইডদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে জিডিএ। জিডিএ-র এই পদক্ষেপের প্রশংসা করেছে পর্যটক মহল। অন্যদিকে, জিডিএ-র সিইও জানিয়েছেন পর্যটন পরিষেবার উন্নয়নের লক্ষ্যে লাগাতার উদ্যোগ থাকবে।


