ওয়েব ডেস্ক : দর্শনেই মুক্তি। আর মুক্তি পেতে শহুরে কোলাহল ছেড়ে চলুন গাইঘাটার স্থানীয় পাড়া চণ্ডীগড় গ্রামে বাবা কল্পেশ্বর মন্দিরে। সবুজে ঘেরা নির্জন প্রকৃতির কোলে একদিন কাটান। অদ্ভুত এক প্রশান্তিতে ভরে যাবে মন।বাবা কল্পেশ্বর মন্দির দেখার পাশাপাশি এই গ্রামেই গাজি ঠাকুর বা বনবিবির থান ঠাকুরতলাও দেখুন, ভালো লাগবে। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার স্থানীয় পাড়া চণ্ডীগড় গ্রামে যমুনা নদীর পারে বাবা কল্পেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন বারাসাত নিবাসী এক শিবভক্ত গোবিন্দ চন্দ্র বসু। মন্দিরের শিলালিপিতে লেখা রয়েছে, এই গ্রামের পরে রয়েছে শিবতীর্থ জলেশ্বর। আর এখানে শিবভূমি কল্পেশ্বর। এই দুইয়ের মিলনে এদত অঞ্চল হয়ে উঠুক শিবময়। চোখের জলে দেবাদিদেব কল্পেশ্বরের কাছে প্রার্থনা, সকলকে ভালো রাখুন, সুখে রাখুন, সকলের মনোবাঞ্ছা পূরণ করুন। জয় বাবা কল্পেশ্বর জয় মা যমুনা। নিবেদক গোবিন্দ চন্দ্র বসু, গাইঘাটা, উত্তর ২৪ পরগনা। ৫ই জানুয়ারি ২০১৫ পৌষ পূর্ণিমা। সেই হিসেবে প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমায় এই মন্দিরে বাৎসরিক পুজো হয়। তখন কুমারী পুজো হয়, রক্তদান শিবির সংগঠিত করা হয়। এছাড়া শিব চতুর্দশীতে এবং নীল আর চড়ক উৎসবেও এখানে ভক্তদের ঢল নামে। গাইঘাটা বাজার থেকে সাড়ে ৩ কিলোমিটার আর জলেশ্বর মোড় থেকে ৩ কিলোমিটার দূরত্বে কল্পেশ্বর মন্দির এলে ভালো লাগবেই।