মেঘালয় বেড়াতে গেলে উমিয়ম লেক অবশ্যই দেখুন
ওয়েব ডেস্ক : মানুষের সৃষ্টি হলেও মেঘালয়কে স্বপ্নপুরী করে তুলেছে উমিয়ম লেক। প্রকৃতির আপন খেয়ালে এই লেক সৃষ্টি হয়নি, মানুষ তৈরি করেছে। তবুও মেঘালয়ের উমিয়ম লেক বা উমিয়ম হ্রদের সৌন্দর্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। স্বপ্নপুরী করে তুলেছে মেঘালয়কে। উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যের মধ্যে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রে রয়েছে মেঘালয়। মেঘের দেশ মেঘালয়ের মূল আকর্ষণ চেরাপুঞ্জির প্রাকৃতিক বিস্ময়, মাওসিনরামের বিচিত্র গ্রাম হলেও ছবির মতো উমিয়ম লেক আপনাকে মুগ্ধ করবেই। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে রাস্তার ডান দিকে তাকান, চোখ জুড়িয়ে দেবে উমিয়াম হ্রদ। মেঘালয়ের রাজধানী শিলং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে উমিয়ম লেক। গুয়াহাটি থেকে মেঘালয় যাওয়ার পথে উমিয়ম লেকে কিছুক্ষণ কাটিয়ে শুরু করুন মেঘালয় ভ্রমণ। ভালো লাগবে।
উমিয়ম লেক বা হ্রদটি আসলে একটি জলাধার। জলবিদ্যুৎ প্রকল্পের কারণে উমিয়ম নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয় এই লেক। সাধারণ ভাবে এর জল নীল, স্বচ্ছ। যদিও বর্ষাকালে রঙের তারতম্য হতে পারে। তবে বেশিরভাগ সময় উমিয়ম লেকের জল পান্না নীল। আর একে ঘিরে রয়েছে পাইন বন। সবুজ পরিবেশে তৈরি এই মনোরম হ্রদটি প্রায় ২২০ বর্গ কিমি বিস্তৃত। এরজন্য উমিয়ম লেককে বড়াপানিও বলা হয়। এর আশেপাশের তৃণভূমি, পাইন গ্রোভস, বেরি ঝোপ এবং বন্য ফুলের অপরূপ শোভা উপভোগ করার পাশাপাশি এই জলাশয়ে নৌকা চালানো, কায়াকিং এবং মাছ ধরার মতো মজাদার প্রোগ্রামের সুযোগও পর্যটকদের জন্য রয়েছে। মেঘালয়ের বার্ষিক কায়াকিং ইভেন্টের অন্যতম স্থান হল উমিয়াম লেক।
Meghalaya # Shillong # Umiam # Lake # Bengali # Travel # News # Flavourofbengal